- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। তবে মুক্তিযুদ্ধের ৫০ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার সময় সংবিধান লঙ্ঘন, শেখ মুজিবের আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তার বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়।তবে পরবর্তীতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তার খেতাব বাতিল করা হয়নি।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। ২০০৪ সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ২০ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম ১৯ নম্বরে উঠে আসে।
জন্ম ও বংশ
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মণ্ডল বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। তার ডাক নাম ছিলো কমল।
জিয়াউর রহমানের মূল পূর্বপৈত্রিক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ী গ্রামে বসতি স্থাপন করে। গাবতলী, সুখানপুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মুমিন উদ্দিন মণ্ডল মহিষাবানী (মৃঃ ১৮৪০) এবং উনার তৃতীয় অধঃস্তন আওলাদ কাঁকর মণ্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়াউর রহমান। জিয়াউর রহমানের দাদা মৌলবী কামালুদ্দীন মণ্ডল (জন্ম ১৮৫৪) ছিলেন কাঁকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ী মাইনর স্কুলের প্রধান শিক্ষক।
শিক্ষাজীবন
তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ঐ বিদ্যালয় থেকে তিনি ১৯৫২ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর ১৯৫৩ সালে করাচিতে ডি.জে. কলেজে ভর্তি হন। শিক্ষাজীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষাগ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলিলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না। ১৯৫৩ সালেই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন।
পাকিস্তান সেনাবাহিনীতে জিয়া
১৯৫৩ সালে তিনি পশ্চিম পাকিস্তানের কাকুলস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবীতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছত্রীসেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে দুই বছর কর্মরত থাকার পর ১৯৫৭ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ঐ সময়ই ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা, খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে, জিয়াউর রহমানের কোম্পানি ছিলো এদের অন্যতম। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করে। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য দুটি সিতারা-ই-জুরাত এবং নয়টি তামঘা-ই-জুরাত পদক লাভ করে। ১৯৬৬ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটাস্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি মেজর পদবীতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ডের দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। ১৯৭০ সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ডের দায়িত্ব লাভ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালায়। সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন।গ্রেফতার হবার পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সংগঠিত করার লক্ষ্যে শেখ মুজিবের আদেশে আত্মগোপনে চলে যান। এই সঙ্কটময় মুহূর্তে ১৯৭১ সালের ২৫শে মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর জিয়াউর রহমান বিদ্রোহ করেন
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে জিয়া প্রশংসিত হন। ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান ইতোপূর্বে স্বাধীনতা ঘোষণা করেন ও সে ঘোষণা চট্টগ্রামে পাঠিয়ে দেন। চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে শেখ মুজিব প্রেরিত স্বাধীনতার ঘোষণাপত্রের লিফলেট, যা পূর্বেই মাইকে প্রচার ও বিতরণ করা হয়েছিলো, তা পাঠ করেছিলেন যে ঘোষণা জিয়াও শুনেছিলেন।অধ্যাপক আবুল কাশেম সন্দ্বীপও সদ্য প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। বেলাল মোহাম্মদ নিজে, আওয়ামী লীগ নেতা হান্নান, আবুল কাশেম সন্দ্বীপ,বেতার ঘোষক- আব্দুল্লাহ আল ফারুক, মাহমুদ হোসেন এবং সুলতানুল আলম-ও জিয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। এ. কে. খন্দকারের মতে বেতারের একজন টেকনিশিয়ানও ঘোষণাটি পাঠ করেছিলেন। বেলাল মোহাম্মদের দাবি, ঘোষণাপত্রের পাঠক হিসেবে জিয়া ছিলেন নবম। বেলাল মোহাম্মদের এ বক্তব্যকে অনেকে নিছক রসিকতা বলেও আখ্যা দিয়েছেন। মূলত, অনেকের ঘোষণার সময় নিয়মিত আয়োজনের সময় না হওয়ায় তাদের ঘোষণা সীমিতসংখ্যক মানুষ শুনতে পেয়েছিলেন। তবে এম এ হান্নান ও আবুল কাশেম সন্দ্বীপের ঘোষণা ছিল জিয়ার পূর্বে এবং তাদের (বিশেষ করে এম এ হান্নানের) ঘোষণাই বিশেষভাবে উল্লেখযোগ্য।
কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করার পর সম্প্রচার কেন্দ্রের উদ্যোক্তাগণ নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। বেতার কেন্দ্রের অন্যতম প্রধান উদ্যোক্তা বেলাল মোহাম্মদ বেতার কেন্দ্রের নিরাপত্তা পাহারার জন্য মেজর রফিকুল ইসলামকে সৈনিক পাঠাতে অনুরোধ করেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি তা করতে ব্যর্থ হলে বেতার কেন্দ্রের উদ্যোক্তাগণ অসহায় বোধ করতে থাকেন। এক সহকর্মীর পরামর্শে বেলাল মোহাম্মদ পটিয়ায় সেনাছাউনিতে যান এবং কথাবার্তায় নিশ্চিত হন সেখানকার উচ্চপদস্থ সামরিক সদস্য মেজর জিয়া বঙ্গবন্ধুর সাপোর্টার। বেলাল, জিয়াকে তাঁর সেনাছাউনি বেতার কেন্দ্রের কাছে স্থানান্তর করতে অনুরোধ জানালে জিয়া রাজি হন এবং জিপ নিয়ে বেতার কেন্দ্রে যান।
২৭শে মার্চ প্রথমবারের মতো এবং পরে ২৮ ও ২৯ তারিখেও তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বেলাল মোহাম্মদ জিয়ার ২৭শে মার্চের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বলেন,
আমার সহকর্মী যারা উপস্থিত ছিল, তারা প্রোগ্রাম শুরু করলো। একসময় জিয়াউর রহমান ও আমি একটা রুমে বসেছি। আমার এক সহকর্মী আমাকে কিছু কাগজপত্র দেখাচ্ছে। আমি কী মনে করে বললাম, “আচ্ছা মেজর সাহেব, এখানেতো আমরা সবাই minor আপনিই একমাত্র Major। আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন?”
উনি বললেন, “হ্যাঁ সত্যিই তো, কী বলা যায়?” একটা কাগজ এগিয়ে দেওয়া হলো। তার প্রতিটি শব্দ তিনিও উচ্চারণ করেছেন এবং আমিও উচ্চারণ করেছি। এইভাবে লেখা শুরু হলো, “I Major Zia, on behalf of our great national leader Bangabandhu Sheikh Mujibur Rahman, do hereby declare [the] independence of Bangladesh”
তারপরে লেখা হলো "পাঞ্জাবিরা যেসব অস্ত্র ব্যবহার করছে। তাদের দমন করতে আমাদের দুই দিন কি তিন দিনের বেশি সময় লাগবে না।" তার পরে শেষ করা হলো ‘খোদা হাফেজ জয় বাংলা’ বলে। ... কিছুক্ষণের মধ্যে মেজর জিয়া একটা জরুরি ভাষণ দেবেন – এভাবে দুই তিনবার অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট করা হলো। তারপর তিনি নিজের কণ্ঠে ইংরেজিটা পড়েছেন।
জনসভায় বক্তব্যরত জিয়া
কিন্তু জিয়ার ঘোষণাপাঠের বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা ও বিতর্ক রয়েছে। ২৭শে মার্চের কোনো এক ঘোষণায় জিয়া নিজেকে অস্থায়ী সরকারপ্রধান বলে দাবি করেন যা একটি মার্কিন গোপন নথিতে শেখ মুজিবের ঘোষণার বর্ণনার পরে লিপিবদ্ধ হয়েছে। রহস্যজনকভাবে তিনি ২৮শে মার্চেও বেশ কয়েকবার নিজেকে Provisional Head of Bangladesh এবং Liberation Army Chief বলে ঘোষণা দেন এবং স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামটি থেকে বিপ্লবী শব্দটি বাদ দেন। জিয়ার এ বিতর্কিত কার্যকলাপ বেতার কেন্দ্রের উদ্যোক্তাগণ সহজভাবে নিতে পারেননি। বেতার উদ্যোক্তাদের অনেক পরিচিতজন যোগাযোগ করে ঘোষণায় বঙ্গবন্ধুর নাম না থাকায় হতাশা প্রকাশ করেন এবং চট্টগ্রামের জনতার মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদের মুখে জিয়া ২৯শে মার্চ তার শেষ ঘোষণাগুলোতে তার ভুল সংশোধন করেন।
মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। ১৭ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী,রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা-ছাত্র-যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়কহিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান, যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের এপ্রিল হতে জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপৎ ১১ নম্বর সেক্টরের ও জেড-ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।
স্বাধীন বাংলাদেশে সামরিক পেশাজীবন
স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪তম ব্রিগেডের কমান্ডার নিয়োগ করা হয় যে ব্রিগেডের সদস্যরা তারই অধীনে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলো। '৭২ এর জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ (উপ সেনাপ্রধান) নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে, ঐ বছরের অক্টোবরে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। ১৯৭৮ সালে জিয়া রাষ্ট্রপতি থাকাকালীন হুসেইন মুহাম্মদ এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল করেন এবং নিজেও লেফটেন্যান্ট জেনারেল পদবি গ্রহণ করেন।[৩৮] তার বিরুদ্ধে সদ্য স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা সেনা অফিসার এবং অমুক্তিযোদ্ধা পাকিস্তান প্রত্যাগত সেনা অফিসারদের মধ্যে দ্বন্দ্ব লাগানো ও অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে, এমনটা লিখেছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী তাঁর কারাগারের ডায়রী বইতে।[৩৯][খ]
শেখ মুজিব হত্যা ও পরবর্তী সময়
১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান তার নিজ দলের কিছু বিপথগামী সদস্য, কথিত বৈদেশিক শক্তি এবং সামরিক বাহিনীর ডজনসংখ্যক সামরিক অফিসার দ্বারা সংঘটিত একটি তথাকথিত অভ্যুত্থানে তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যসহ তাঁর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ৬৭৭ নং বাড়িতে নিহত হন।[৪০][৪১][৪২] শেখ মুজিবকে হত্যার চক্রান্তে জিয়া সমালোচিত ভূমিকা রাখেন। মুজিব-হত্যার পর হত্যার চক্রান্তকারী মুজিব মন্ত্রীসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৭৫ সালের ২৪ আগস্ট, শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ১০ দিন পর জিয়া খন্দকার মোশতাক আহমেদ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। পরবর্তীকালে ১৯৭৮ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করেছিলেন।
মোশতাক ক্ষমতায় থাকাকালে তার নামে মূলত শেখ মুজিবের খুনি সামরিক অফিসারগণই ক্ষমতার অধিকারী ছিলেন।[৪৫] খুনিচক্র রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ করতে থাকলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। খালেদ মোশাররফ, শাফায়াত জামিল সহ কিছু উচ্চাকাঙ্ক্ষী সিনিয়র অফিসার এর বিরোধিতা করে জিয়াকে সেসব খুনি রাষ্ট্রক্ষমতার অধিকারী জুনিয়র অফিসারদের বঙ্গভবন থেকে সেনানিবাসে ফিরিয়ে এনে সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানান।[৪৬] কিন্তু জিয়া নিজেই ঐসব খুনি অফিসারচক্র কর্তৃক নিযুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর হতে ব্যর্থ হন।[৪৬] ফলে ঐ বছরের ৩রা নভেম্বর বীর বিক্রম কর্নেল শাফায়াত জামিলের নেতৃত্বাধীন ঢাকা ৪৬ পদাতিক ব্রিগেডের সহায়তায় বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফ এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটান। এর ফলে ৬ই নভেম্বর খন্দকার মোশতাক আহমেদ পদত্যাগ করতে বাধ্য হন এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন। তাকে নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দায়িত্ব দেয়া হয়। জিয়াউর রহমানকে চিফ-অফ-আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার ঢাকা সেনানিবাসের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়।
জিয়াকে গৃহবন্দি করা হয় এবং তার বাড়িটি যোগাযোগ-বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তার শোবার ঘরের টেলিফোনটি সচল ছিল।
৭ই নভেম্বরের অভ্যুত্থান ও এর পরবর্তীসময়ের ঘটনাবলী
জিয়া অনেক পূর্ব থেকেই সেনাবাহিনীর একজন জনপ্রিয় অফিসার, কর্নেল তাহেরের সাথে যোগাযোগ রক্ষা করতেন। কর্নেল তাহের সেনাবাহিনীর অভ্যন্তরে জাসদ-সৃষ্ট ‘গণবাহিনী’র প্রধান ছিলেন। গণবাহিনীর লক্ষ্য ছিল ব্রিটিশ পদ্ধতির পরিবর্তে একটি চীনা ধরনের ‘পিপলস আর্মি’ তথা ‘শ্রেণিবিহীন সেনাবাহিনী’ গঠন করা। জিয়া টেলিফোনে তাহেরকে নিজের মুক্তির জন্য সহায়তা চান।তাহের সৈনিকদের একতাবদ্ধ করার লক্ষ্যে ১২ দফা দাবি উপস্থাপন করেন। এই ১২টি দফা মূলত সিপাহীদের স্বার্থ রক্ষার জন্য প্রণীত হয়। জিয়াকে মুক্ত করার জন্য কর্নেল তাহের ও জাসদের উদ্যোগে পরিকল্পনা করা হয়: জিয়াকে মুক্ত করা, খালেদ মোশাররফের পতন ঘটানো এবং জিয়ার কাছ থেকে সিপাহীদের স্বার্থে ১২ দফার বাস্তবায়ন।
তাহের এবং জাসদের উদ্যোগে সেনানিবাসে সহস্রাধিক লিফলেট প্রচার করা হয়। প্রচার চালানো হয় যে, খালেদ মোশাররফ ভারতের দালাল এবং ভারতের চক্রান্তে খালেদ ক্ষমতায় আরোহণ করেছেন।[৪৬] এ পরিস্থিতিতে ক্ষুব্ধ সামরিক নিম্নপদস্থ সিপাহীরা জাসদের গণবাহিনীর সহায়তায় ৭ই নভেম্বর পাল্টা অভ্যুত্থান ঘটায়। এ অভ্যুত্থানের স্লোগান ছিল:
“ "সেপাই সেপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই!... সেপাই সেপাই ভাই ভাই, সুবেদাররের ওপরে অফিসার নাই"। ”
বিক্ষুব্ধ সৈনিকেরা এ অভ্যুত্থানে অফিসারদের খুন করতে থাকে। জিয়াউর রহমানকে তার ঢাকা সেনানিবাসের গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে অভ্যুত্থানকারীরা ২য় ফিল্ড আর্টিলারির সদরদপ্তরে নিয়ে আসে। ঐ দিন সকালেই পাল্টা অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় শেরে বাংলা নগরে নিজ হাতে প্রতিষ্ঠিত ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদরদপ্তরে ক্ষুব্ধ জওয়ানদের হাতে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম,কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম এবং লেঃ কর্নেল এ টি এম হায়দার বীর উত্তম নিহত হন।
এদিকে জিয়া কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং তার (জিয়ার) জীবন রক্ষা করার জন্য তাহেরকে ধন্যবাদ জানান। জিয়া আরো বলেন, কর্নেল তাহের ও জাসদের জন্য তিনি (জিয়া) জীবন দিতেও প্রস্তুত। তারপর জিয়া রাষ্ট্রপতির অনুমতি ব্যতিরেকে বেতারে ভাষণ দেন এবং নিজেই নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক বলে দাবি করেন। পরে প্রতিবাদের মুখে পিছিয়ে এসে উপ-সামরিক আইন প্রশাসক হন। জিয়া ৭ই নভেম্বর ০৭:৪৫ মিনিটে বিপ্লবী সৈনিক সংস্থা তথা গণবাহিনীর ১২ দফা দাবিতে স্বাক্ষর করেন।
কিন্তু অভ্যুত্থানের পর থেকে পরিস্থিতি দ্রুত পরিবর্তীত হয়ে যায়। জিয়া সৈনিকদের দাবি পূরণে অস্মীকৃতি জানাতে থাকেন। সৈনিকগণ তাদের দাবি অনুযায়ী শ্রেণিহীন সেনাবাহিনীর অনুকূলে জিয়াকে ‘জনাব জিয়া’ ও ‘জিয়া ভাই’ বলে ডাকতে শুরু করেন। জিয়া এতে ক্ষুব্ধ হয়ে বলেন,
“ "আমি জনাব জিয়া নই, আমি জেনারেল জিয়া"। ”
এদিকে কর্নেল তাহেরও জিয়ার উদাসীনতা দেখে ক্ষুব্ধ হন। জিয়া, তাহেরের গোপন দাবিদাওয়া মেনে নিতে অস্মীকার করেন।
সৈনিকদের দাবি পূরণে জিয়ার উদাসীনতা দেখে তারা জিয়াকে সন্দেহ করেন। ফলে সৈনিকগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং অফিসারদের বাসস্থানে প্রবেশ করে হত্যা করতে থাকে। এমন দিনগুলোতে নাটকীয়ভাবে অফিসারদের ক্যান্টনমেন্ট থেকে বোরকা পরিধান করে সপরিবারে পলায়ন করতে দেখা যেত।[৪৬] তাহের আবারো অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে হত্যা করার পরিকল্পনা করার জন্য মনঃস্থির করেন। ক্যাপ্টেন সিতারা, মেজর করিম, ক্যাপ্টেন আনোয়ার, লেফটেন্যান্ট মুস্তাফিজ, মেজর আজিম, মেজর মহিউদ্দিন, ক্যাপ্টেন খালেক ও লেফটেন্যান্ট সিকান্দার প্রমুখ অফিসারগণ সৈনিকদের হাতে নিহত হন।
বাধ্য হয়ে জিয়া সৈনিকদের ওপর দমন-পীড়ন চালাতে থাকেন। কর্নেল তাহেরকে ৭ই নভেম্বরে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নির্বাচিত’ সরকারকে উতখাত, সেনাবাহিনীতে উস্কানিমুলক কর্মকাণ্ড সংঘটিত করার অভিযোগে ২৪শে নভেম্বর গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়। রব, জলিল ও অন্যান্য জাসদ নেতাদেরও আটক করা হয়।
একটি প্রহসনমূলক বিচারে ২১ জুলাই, ১৯৭৬ ‘জিয়ার আদেশে’ তাহেরকে ফাঁসি দেয়া হয়। তাকে অভিযোগপত্র প্রদর্শন করা হয়নি কিংবা আত্মপক্ষ সমর্থন বা আইনজীবীর সঙ্গে পরামর্শেরও সুযোগ দেয়া হয়নি এবং বিচারের প্রহসন সম্পর্কে অবগত হয়েও বিচারপতি সায়েম তাহেরের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করতে ব্যর্থ হন। কারণ সায়েমের নামে জিয়াই ছিলেন মূল ক্ষমতার অধিকারী। তাহেরের মৃত্যুদণ্ডের তিন দশক পর আদালত মৃত্যুদণ্ডটিকে অবৈধ এবং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেয়।
রাষ্ট্রপতিত্ব (১৯৭৭-১৯৮১)
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। অনুগ্রহ করে নির্ভরযোগ্য তথ্যসূত্র সংযোজন করে নিবন্ধটির মান উন্নয়নে সহায়তা করুন। তথ্যসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন কিংবা অপসারণ করা হতে পারে।
উৎস খুঁজুন: "জিয়াউর রহমান" – সংবাদ · সংবাদপত্র · বই · স্কলার · জেস্টোর
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান থাকাকালে জিয়া এই গাড়িটি ব্যবহার করতেন।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর অভ্যুত্থানের পর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৯শে নভেম্বর ১৯৭৬ সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয় এবং বেতারে ভাষণে জিয়া নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন এবং প্রতিবাদের মুখে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হন। ৭ই নভেম্বরের অভ্যুত্থানের পর থেকে সায়েমের নামে তিনিই ক্ষমতার অধিকারী ছিলেন।
বিচারপতি সাদাত মোহাম্মদ সায়েম একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যেতে থাকেন। সায়েম নির্বাচন আয়োজনের জন্য তাঁর অত্যন্ত আস্থাভাজন অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সাত্তারকে দায়িত্ব দেন।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের এ সময়ে সেনানিবাসে ভিড় করতে দেখা যেত যা সম্পর্কে বিচারপতি সায়েমও অবগত ছিলেন।শেখ মুজিব বা আওয়ামী লীগ জাতীয় চার নেতার মৃত্যু হলেও আওয়ামী লীগের সংগঠন ছিল ঈর্ষণীয় এবং স্থানীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। সম্ভাব্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অনুকূলে ছিল। তাই সেসব সুযোগসন্ধানী রাজনীতিবিদগণ জিয়াকে যেকোনো মূল্যে সম্ভাব্য নির্বাচন স্থগিত করতে আহবান জানান।
এদিকে সায়েমের পরম আস্থাভাজন অবসরপ্রাপ্ত বিচারপতি সাত্তারও তার নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব আগ্রাহ্য করে জিয়াকে ক্ষমতা দখলের ইন্ধন জোগাতে থাকেন।
জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক ও পরবর্তীতে রাষ্ট্রপতির পদ দখল করে নেন।
জিয়াউর রহমান ১৯৭৬ সালের ৮ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন, ১৯৭৬ সালে কলম্বোতে জোটনিরপেক্ষ আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশ ৭ জাতি গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন। ১৯৭৬ সালেই তিনি উলশি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ১৯শে নভেম্বর ১৯৭৬ সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্বে নিযুক্ত করা হয় তিনি ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন, ১৯৭৭ সালের ২০শে ফেব্রুয়ারি একুশে পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদাত সায়েমের উত্তরসূরি হিসেবে ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়া দেশে আবার গণতন্ত্রায়ণের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় রাজনীতি চালুর সিদ্ধান্ত নেন। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন
“ I will make politics difficult for the politicians. ”
১৯৭৮ সালের ৩রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। এই নির্বাচনে মোট ১০ জন প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে উল্লেখ্য যে,-এ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ২ জনের মনোনয়নপত্র বাছাই –এ বাদ পড়ায় বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ৯ জন। ১ জন আপিল দাখিল করায় ও তার আপিল গৃহীত হওয়ায় এবং কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সর্বশেষ প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১০ জন ছিল। এরপর জিয়াউর রহমান মে মাসে ১৯ দফা কর্মসূচি ঘোষণা এবং আস্থা যাচাইয়ের জন্য ৩০শে মে গণভোট অনুষ্ঠান ও হ্যাঁ-সূচক ভোটে বিপুল জনসমর্থন লাভ করেন।
বাংলাদেশী জাতীয়তাবাদ
জিয়াউর রহমান এবং স্ত্রী খালেদা জিয়া, ১৯৭৯
জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের তত্ত্ব প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন। বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন ধরনের মতের ও ধর্মের নানা জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন একে অপরের থেকে ভিন্ন। তাই জিয়া মনে করেন যে, ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশে শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান।
- Get link
- X
- Other Apps





Comments
Post a Comment