ট্যানারি কারখানা




ট্যানারি শিল্প বলতে চামড়া পাকা করা বা প্রক্রিয়াজাত করা হয়, এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। ট্যানারিতে পশুর কাঁচা চামড়া পাকা করার পর জুতা, ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট ইত্যাদি উৎপাদনের উপযোগী চামড়া তৈরি করা হয়। এ অঞ্চলে ১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন রণদাপ্রসাদ সাহা। পরবর্তীকালে ট্যানারিটি ঢাকার হাজারীবাগে স্থানান্তর করা হয়।
এই ট্যানারিকে কেন্দ্র করেই হাজারীবাগ এলাকায় অনেক ট্যানারি গড়ে ওঠে। দেশ বিভাগের আগ পর্যন্ত পূর্ববঙ্গে উৎপাদিত সব কাঁচা চামড়া পশ্চিম বাংলায় বিশেষত কলকাতায় রপ্তানি হতো। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের কিছু কম্পানির অনুষঙ্গী প্রতিষ্ঠান পূর্ববঙ্গে ট্যানারি স্থাপন করে। এর মাধ্যমে পূর্ববঙ্গে এই শিল্পের উন্নয়নধারা শুরু হয়।
১৯৬০ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ট্যানারিগুলো কাঁচা চামড়ার গায়ে লবণ মাখিয়ে তারপর তা রোদে শুকিয়ে প্রক্রিয়াকরণ সম্পন্ন করত।  এ প্রক্রিয়ায় তৈরি আধাপাকা চামড়াকে বলা হতো শাল্টু।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় অবাঙালি মালিকরা প্রায় ৩০টি ট্যানারি ইউনিট পরিত্যক্ত হিসেবে ফেলে রেখে যায়। যুদ্ধের পর স্বাধীন দেশের নতুন সরকার পরিত্যক্ত ট্যানারিগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সদ্য গঠিত ট্যানারি করপোরেশনের ওপর ন্যস্ত করে।


You have to wait 70 seconds.





পরবর্তীকালে সরকার বেশির ভাগ ট্যানারির ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে হস্তান্তর করে এবং ট্যানারি করপোরেশন বিলুপ্ত হয়। তিনটি ট্যানারির দায়িত্ব মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দেওয়া হয়। কিন্তু উভয় কর্তৃপক্ষই ট্যানারিগুলোর ব্যবস্থাপনায় দারুণভাবে ব্যর্থ হয়। ১৯৮২ সালে সরকার বিলগ্নীকরণ নীতির আওতায় ট্যানারিগুলোকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ২০৬টি ট্যানারি ইউনিট রয়েছে।
এর মধ্যে ১১৪টি স্থানীয় মানদণ্ড অনুযায়ী বৃহৎ ও মাঝারি আকারের এবং শিল্প অধিদপ্তরে তালিকাভুক্ত। বাকি ইউনিটগুলো ক্ষুদ্র ও কুটির শিল্প পর্যায়ের এবং সরকারিভাবে নিবন্ধিত নয়। বাংলাদেশে যে কয়টি প্রতিষ্ঠিত ট্যানারি আছে, সেগুলোর মধ্যে ঢাকা লেদার, এপেক্স ট্যানারি, করিম লেদার, সমতা ট্যানারি, বে ট্যানারি, ল্যাক্সো ট্যানারি, রিলায়েন্স, কালাম ব্রাদার্স, আল মদিনা, মিল্লাত, প্রগতি প্রভৃতি উল্লেখযোগ্য। ২০১৭ সালে ট্যানারি শিল্প জনবহুল হাজারীবাগ এলাকা থেকে সাভারে নিজস্ব শিল্পনগরীতে স্থানান্তর করা হয়।




 

Comments